ক্রিকেটাররা যাবেন প্রজন্ম চত্বরে
শাহবাগ মোড় থেকে আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে সারা দেশে। আর রূপসী বাংলা
হোটেল তো শাহবাগ মোড় ঘেঁষাই! হোটেল থেকেই শোনা যায় প্রতিবাদের ধ্বনি, দেখা
যায় হাজারো জনতার স্রোত কীভাবে মিশে যাচ্ছে একটিমাত্র স্লোগানে—
যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই!
চার দিন ধরে প্রতিবাদের আগুনের আঁচ নিতে নিতে প্রতিবাদী হয়ে উঠেছেন
শাহরিয়ার নাফীসও। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে কণ্ঠ মেলাতে চান এই বাঁহাতি
ওপেনার। খুলনা রয়েল বেঙ্গলসের এই ক্রিকেটার আজ সপরিবারে যাবেন আন্দোলনের
সঙ্গে একাত্মতা জানাতে। কাল দুরন্ত রাজশাহীর বিপক্ষে খেলা শেষে প্রসঙ্গটা
তুলতেই আবেগপ্রবণ হয়ে উঠল তাঁর কণ্ঠ, ‘আমার বাবা মুক্তিযোদ্ধা। আমার শ্বশুর
মুক্তিযোদ্ধা। আমি তো অবশ্যই যাব শাহবাগে। কাল (আজ) স্ত্রী-সন্তানকে নিয়েই
যাব। আমিও চাই যুদ্ধাপরাধীদের ফাঁসি হোক।’ শাহরিয়ারের খুলনা রয়েল বেঙ্গলস
আছে রূপসী বাংলা হোটেলে।
এ ছাড়া বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিমসহ আরও ক্রিকেটার যেতে
পারেন শাহবাগে। মুশফিকের ঘনিষ্ঠ মহল থেকে জানা গেছে, আজ-কালের মধ্যে
শাহবাগের জনসমুদ্রে গিয়ে কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি
জানাবেন তিনিও। এ জন্য বিসিবির অনুমতিও চেয়েছেন।
মুশফিকসহ কয়েকজন ক্রিকেটারের শাহবাগ মোড়ে যাওয়ার আগ্রহ প্রকাশের কথা
স্বীকার করেছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস, ‘মুশফিকসহ আরও
কয়েকজন ক্রিকেটার হয়তো যাবে শাহবাগ। তারা বোর্ডের কাছে এ ব্যাপারে জানতে
চেয়েছিল। সেখানে যাওয়াটা যেহেতু দেশের প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত
সিদ্ধান্ত, বোর্ড তাদের এই ইচ্ছাতে বাধা হবে না।’
Comments
Post a Comment